জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, তিনি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

ভূমিমন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে বা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রক্ষমতায় আসেননি। তিনি দেশের ও মানুষের কল্যাণে সবসময়ই কাজ করেছেন। জিয়াউর রহমানের জন্যই এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করতে পেরেছিল।

তিনি বলেন, দেশকে হানাদারমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি অতীতে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিল সর্বোচ্চ পর্যায়ের।

মো. মিজানুর রহমান মিনু বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত ও রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top