কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ কমিউনিটি ক্লিনিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’। সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে শিশুদের সংক্রামক এই রোগ দুটি থেকে সুরক্ষা দিতে এই বিশেষ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।
আজ সকালে সোন্দাহ কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী ও টিকাদানকারীগণ নির্ধারিত বয়সের শিশুদের অত্যন্ত যত্ন সহকারে টিকা প্রদান করছেন। ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি শিশুকে একটি করে হলুদ রঙের বিশেষ টিকা কার্ড প্রদান করা হচ্ছে, যেখানে শিশুর নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং টিকার বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
সকাল থেকেই স্থানীয় অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে কেন্দ্রে ভিড় করতে শুরু করেন। ক্লিনিকের দেয়ালে টাঙানো সচেতনতামূলক পোস্টার ও পুষ্টি চার্ট দেখে অনেক অভিভাবককে সচেতন হতে দেখা গেছে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, হাম এবং রুবেলা অত্যন্ত ছোঁয়াচে ও মারাত্মক রোগ হতে পারে, যা সময়মতো টিকা দিলে সহজেই প্রতিরোধ করা সম্ভব।
দায়িত্বরত স্বাস্থ্যকর্মীর বক্তব্য -”আমরা প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ৬ মাস বয়সী থেকে ৫ বছর বয়সী কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর রাখছি। অভিভাবকদের মধ্যে এখন আগের চেয়ে অনেক বেশি সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে।”
কুষ্টিয়া কুমারখালির নন্দলালপুর ইউনিয়নের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। ক্যাম্পেইনটি সফল করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় সেচ্ছাসেবকরা নিরলস কাজ করে যাচ্ছেন।