কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) জাতীয় সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বহুল কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ ‘ধানের শীষ’ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
দলীয় একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ-তিতিক্ষা, সাংগঠনিক দক্ষতা এবং কুষ্টিয়া-৪ আসনের সর্বস্তরের মানুষের সঙ্গে গভীর সম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী মহল তাঁকে এই আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তাঁর মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে কুষ্টিয়া-৪ আসনে বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডে নতুন গতি ও প্রাণচাঞ্চল্যের সঞ্চার হয়েছে।
সৈয়দ মেহেদী আহমেদ রুমী কুষ্টিয়া অঞ্চলের একজন পরীক্ষিত, জনবান্ধব ও সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। তিনি একাধিকবার জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রসৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করে তিনি আজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ কুষ্টিয়া-৪ আসনের সাধারণ মানুষের কাছে তাঁকে বিশেষ গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।
চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন,
“এই মনোনয়ন শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, এটি কুষ্টিয়া-৪ আসনের আপামর জনসাধারণের প্রতি দলের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি জনগণের পাশে থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবো।”
মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া-৪ আসনের খোকসা ও কুমারখালী উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নেতাকর্মীরা তাদের আনন্দ প্রকাশ করেন।
বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিজ্ঞ, ত্যাগী ও জনপ্রিয় নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে কুষ্টিয়া-৪ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে এবং এই আসন পুনরুদ্ধারে দল ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।