নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়িআমতলা ইউনিয়নের মধ্য আমতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন মারাত্নক আহত হয়েছেন। আহতদের ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং সোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত সোমা আক্তার মধ্যআমতলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী এবং আব্দুস সাত্তারের কন্যা। তার দেড় বছরের এক দুগ্ধপোষ্য কন্যাশিশু রয়েছে। আহতরা হলেন, আছমা আকতার,স্বামী ইদ্দিছ মিয়া,ইদ্রিছ মিয়া পিতা হাসু মিয়া,সোহেল মিয়া পিতা কদ্দুছ মিয়া, শারমিন আক্তার পিতা কদ্দুছ মিয়া,হারুনা আক্তার স্বামীমৃত মুসলিম উদ্দিন,লিমা আক্তার পিতা খাইরুল ইসলাম, শাহীন মিয়া পিতা শামছুদ্দিন,নূরুল ইসলাম পিতা শাহনেওয়াজ,সাত্তার মিয়া পিতা জুলু মিয়া, সর্বসাং আমতলা।
জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) সকালে জমি সংক্রান্ত বিরোধে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমা আক্তারের মৃত্যু হয়। এছাড়া আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। হাসপাতালে আগত আহতদের বরাত দিয়ে জানা যায় দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এরই জেরে বুধবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, আমতলা গ্রামের সংঘর্ষে সোমা নামে ১ নারী নিহত হয়েছেন এবং ১০/১২ জন আহত হন।আহতদের অনেককেই ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত আছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।