নেত্রকোণার কেন্দুয়া থানা মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সমাজের শান্তি ও সম্প্রীতির প্রতীক। থানা মসজিদের এই আধুনিক পুনঃনির্মাণ কাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত হবে।” তিনি মসজিদের উন্নয়ন কাজ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নবনির্মিতব্য মসজিদের উন্নয়ন কাজের সার্বিক সফলতা, দ্রুত বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।