সুন্দরবনের উপকূলীয় এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে কয়রার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সিড’ (SEED) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এবং কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে এক বছর মেয়াদী এই সংবাদ সভার আয়োজন করা হয়। ‘সোসিও ইকোনমিক অ্যান্ড ইনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট ফর ইন্ডিজেনাস কমিউনিটি ইন দ্য সুন্দরবন কোস্টাল রিজিয়ন’ (সিড) শীর্ষক প্রকল্পটি খুলনা ও সাতক্ষীরার কয়রা ও শ্যামনগর উপজেলায় বাস্তবায়িত হবে।
কয়রা মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকার আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত সচেতনতা সৃষ্টিতে এই সিড প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু হাসান, শেখ সিরাজুল ইসলাম, মিতা রানী মন্ডল, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, সামস-এর প্রতিনিধি অসিত মুন্ডা এবং কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতি লিমিটেডের (কেএমডিএমএসএস) নির্বাহী পরিচালক সুমিত্রা মুন্ডা।
অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের বিপুলসংখ্যক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।




