কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ীর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দিলারা আক্তার এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুল মান্নান মুকুল। এ ছাড়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। পরে আলোচনা সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে নিরাপদে সরে যাওয়া, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




