মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি গাড়িতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে হাইওয়ে পুলিশ ও গজারিয়া থানা পুলিশের দুটি গাড়ি অবস্থান করছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি পুলিশ গাড়ি এবং পরে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়।
এতে হাইওয়ে পুলিশের এক সার্জেন্ট ও অপর একজন পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পরপরই পুলিশ কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।