বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
এ আসনের মোট ২২৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ হলরুম থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। ভোটগ্রহণের সামগ্রী বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা।
বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন। এই আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ব্যাটালিয়নসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।