টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে দুর্বৃত্তদের নৃশংস হামলায় নুরুল ইসলাম (৪৩) নামে এক এনজিও কর্মী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার গলা কেটে ফেলে রেখে যায়। শ্বাসনালী আংশিক কেটে গেলেও আশ্চর্যজনকভাবে তিনি এখনো জীবিত রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লক্ষিন্দর ইউনিয়নের আবেদ আলী মার্কেট সংলগ্ন মসজিদের পাশের জঙ্গলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তা ও পুলিশের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে সাগরদিঘী এলাকায় ট্রমা সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল ইসলাম একজন এনজিও কর্মী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন তাকে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অর্ধ গলাকাটা অবস্থায় একজন যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।