নওগাঁর ধামইরহাটের বিহারি নগরে অবস্থিত যাত্রী ছাউনি থেকে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
গত সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার বিহারীনগর যাওয়ার পথে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ধানতাড়া মোড়ে এ ঘটনা স্হানীয় লোকজনের চোখে পড়ে। অজ্ঞাত ঐ যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার ডান পায়ের হাঁটুর নিচে ক্ষত চিহ্ন ছিল এবং সেই ক্ষত দিয়ে রক্ত বের হয়ে লুঙ্গিতে লেগে থাকতে দেখা গেছে। এ ছাড়া, পরনে হালকা আকাশি রঙের টি-শার্ট ও গায়ে চাদর জড়ানো ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। এরপর ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।বিহারীনগর এলাকার বাসিন্দা হাসনাহেনা বলেন, ‘প্রতিদিন সকালে ছেলেকে পার্শ্ববর্তী মাদরাসায় নিয়ে যাওয়ার পথে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওই যুবককে যাত্রী ছাউনির ভেতরে শুয়ে থাকতে দেখা যেত। তাকে খাবার দিতে চাইলেও নিতে চাইতেন না এবং কোনো কথাও বলতে পারতেন না।’
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘ওই যুবককে রাস্তাঘাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের মতো ঘোরাফেরা করতে দেখা যেত। কী কারণে তার মৃত্যু হয়েছে, এ বিষয়টি জানা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘লাশের পরিচয় শনাক্ত করার জন্য ফিঙ্গার প্রিন্ট এবং ডিএনএ টেস্ট করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।