নাজিরপুরে জরিমানার জেরে কৃষি কর্মকর্তাকে পেটালেন সার ব্যবসায়ী

পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জেরে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬) অভিযুক্ত ব্যবসায়ী মো. বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের নেতৃত্বে বাজারটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।
এ সময় বাবুল মোল্লার দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে দুই বস্তা ইউরিয়া, সাড়ে তিন বস্তা ডিএপি, এক বস্তা এমওপি ও পাঁচ বস্তা টিএসপি সার পাওয়া যায়। লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত বাবুল মোল্লাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং সার জব্দ করেন।
অভিযোগে বলা হয়, অভিযান শেষে বিকেল সোয়া ৫টার দিকে বিপুল কুমার মল্লিক বাজারে ব্যক্তিগত কাজে গেলে বাবুল মোল্লা তাঁর পথরোধ করেন। অভিযানে সহযোগিতা করার কারণে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার কথা বলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাঁকে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, পূর্বের অভিযোগের ভিত্তিতে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুল মোল্লাকে জরিমানা করা হয় এবং সার জব্দ করা হয়। অভিযানের সময় তিনি তাঁর সঙ্গেও অসদাচরণ করেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর হামলা চালানো হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, দীঘিরজান বাজারের ব্যবসায়ী বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে চলে আসার পর কৃষি কার্যালয়ের এক কর্মকর্তাকে ওই ব্যবসায়ী মারধর করেছেন বলে তিনি শুনেছেন। এ বিষয়ে পরদিন অফিস খোলার পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top