গাইবান্ধার পলাশবাড়ীতে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ শহীদ হাসানকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ও ছোট সাজ্জাদসহ অন্য সহযোগীরা।
আজ (সোমবার) রাত ৮ টার দিকে শহীদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম খান।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী জাতীয় ঈদগাহ মাঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতৃবৃন্দ এক গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। পরে ঘটনাস্থল থেকেই শহীদ হাসানকে আটক করা সম্ভব হলেও দৌড়ে পালিয়ে যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন এবং ছোট সাজ্জাদ। পরবর্তীতে উত্তেজিত জনতা আটক শহীদ হাসানকে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, “স্থানীয় জনগণ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শহীদকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




