দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের সড়ক, নৌ পরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী কারখানার সার্বিক কার্যক্রম, লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন বলে জানা গেছে। দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করতে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার গুরুত্ব অপরিসীম। এ সময় কারখানাটির বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। বলেন, অভিজ্ঞ টেকনিশিয়ানদের দক্ষতা কাজে লাগিয়ে কারখানাটিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
এ সময় তিনি কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বিগোত ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়ে কোনো দৃশ্যমান উন্নয়ন দেখা যায়নি বলে জানিয়েছেন তিনি। পার্বতীপুর রেলওয়ে কারখানাটিকে আরও সম্প্রসারণ ও সমৃদ্ধ করা প্রয়োজন। বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি কারখানাটির সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, এখানে কিছুটা জনবলসংকট রয়েছে। তবে কারখানায় কর্মরত টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাঁরা ইঞ্জিনের খুঁটিনাটি বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ। একটি রেলইঞ্জিন সচল রাখার জন্য প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো সম্পর্কে তাঁদের ভালো ধারণা রয়েছে। তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কারখানাটির কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার ডিসি মোঃ রফিকুল ইসলাম, এ ছাড়া উপস্থিত ছিলেন কেলোকার প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হাসানুজ্জামান, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং শ্রমিক দলের নেতারা। পরিদর্শন শেষে কেলোকার প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় মন্ত্রী ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দরের দিকে রওনা দেয়।



