নির্মাণের বহু বছর পরেও উদ্বোধন করা যায়নি পৌর বাস টার্মিনাল; ভোগান্তিতে পৌরবাসী॥ আক্তার হোসেন,কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার অর্থায়নে নির্মিত একমাত্র পৌর-বাস টার্মিনাল নির্মাণের এত বছর পরও অদৃশ্য শক্তির ইশারায় উদ্বোধন করা যায়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, কালকিনি পৌরসভার অন্তর্গত ঢাকা-বরিশাল মহাসড়কের (মজিদবাড়ী) ভূরঘাটা বাস টার্মিনালটি মহাসড়কের উপরেই স্থাপিত হয় আশির দশকে। সেই সময়ে মহাসড়কে এত পরিমাণ গাড়ি চলাচল করতো না। কিন্তু সময়ের পরিক্রমায় পদ্মা সেতু নির্মাণ এবং এর উদ্বোধনের পর দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণ যানবাহন চলাচল বৃদ্ধি পেতে থাকে। এতে করে পুরনো বাস টার্মিনাল জনসাধারণের গলার কাঁটা হিসেবে দাঁড়ায়। যানজট লেগে থাকা প্রতিদিনের চিত্রে পরিণত হয় কারণ টার্মিনালটি মহাসড়কের উপরেই স্থাপিত। এদিকে সড়কের যানের আধিক্যের কারণে এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের জন্য প্রায় ১০ বছর পূর্বেই পৌর বাস টার্মিনাল নির্মাণের ব্যবস্থা করে পৌর প্রশাসন। এর জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি ভরাট সম্পন্ন করে টার্মিনালের অবকাঠামো ও নির্মাণ করা হয় কিন্তু কোন এক অদৃশ্য শক্তির প্রভাবে টার্মিনাল নির্মাণের এত বছর পরও টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হয়নি এতে করে চরম ভোগান্তিতে সাধারণ জনগণ। জানা যায়, জুলাই বিপ্লবের পর থমকে থাকা পৌর-বাস টার্মিনাল উদ্বোধনের জন্য উদ্যোগ গ্রহণ করেন তৎকালীন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস। এরই প্রেক্ষিতে টার্মিনালে কাউন্টার স্থানান্তর করার জন্য নতুন করে বরাদ্দ প্রদান করে কাউন্টার নির্মাণ করা হয় এবং উক্ত কাউন্টার গুলো যথাযথ নিয়ম অনুসরণ করে বন্টনও করা হয় কিন্তু বন্টনের পরও অতিবাহিত হয়ে গেছে অনেকগুলো মাস এরপরও আলোর মুখ দেখেনি বাস টার্মিনাল স্থানান্তর প্রক্রিয়া। এ বিষয়ে ভুক্তভোগী বাস কাউন্টার মালিক মাহবুব হোসেন বলেন, বর্তমানে আমাদের যেখানে কাউন্টার আছে এখান থেকে আমাদের কর্মকান্ড পরিচালনা অত্যন্ত কষ্টকর। তাছাড়া বাস থেমে থাকার সময় যানজট লেগেই থাকে এতে করে জনগণের ভোগান্তি হয় চরম মাত্রায় এর থেকে আমরা পরিত্রান চাই। আমরা নিয়ম অনুযায়ী কাউন্টারের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা প্রদান করেছি অনেকদিন আগে কিন্তু আজ পর্যন্ত আমাদের কাউন্টার স্থানান্তর করার কোন লক্ষণ দেখতে পাচ্ছি না। আমরা এ বিষয়ে পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে জানতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলে তিনি বলেন, কালকিনি পৌর বাস টার্মিনাল এর কাউন্টারের ফিনিশিং এর কাজ শেষ হয়েছে কয়েক মাস হল কিন্তু বৈদ্যুতিক খুঁটির স্বল্পতার কারণে এখনো বিদ্যুতের সংযোগ দেওয়া যায়নি। তাছাড়া কাউন্টারের সামনের কিছু জায়গা অসাধু লোকজন অবৈধভাবে দখল করে আছে তাদেরকেও এখনো উচ্ছেদ করা যায়নি, তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন খুব শীঘ্রই সমস্যার সমাধান এবং সামনের ফুটপাত দখলমুক্ত করে পৌর বাস টার্মিনাল সচল করা হবে।