গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) মহদীপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামীর প্রায় দুই শতাধিক নারী-পুরুষ কর্মী অংশগ্রহণ করেন।
মহদীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার আবু তালেব সরকার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, “দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হলে সংগঠনের প্রতিটি কর্মীকে আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের অন্যতম দায়িত্ব। জনগণের আস্থা অর্জনের জন্য কর্মীদের নিয়মিতভাবে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “একটি সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ, সমাজ ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।”
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সাধারণ মানুষের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মতিয়ার রহমান বলেন, মহদীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করা হবে।
কর্মী সমাবেশে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনগণের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।