আজ শনিবার বগুড়া শহরের রাজাবাজারে খোলা (লুজ) ও বোতলজাত সয়াবিন তেলের উপর ভোক্তা অধিদপ্তর, র্যাব-১২ ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।।ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সয়াবিন তেলের মজুদ পরিস্থিতি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয়ের ভাউচার, সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি হচ্ছে কিনা এই সকল বিষয়ে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকার কারণে ৪টি প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রয় করার অপরাধে মেসার্স মন্ডল ট্রেডার্সের ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অর্থাৎ, ছয়টি প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সকল ব্যবসায়ীকে সয়াবিন তেলের অতিরিক্ত মজুদ করে বাজারকে অস্থিতিশীল না করার অনুরোধ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি ও ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশ প্রদান করা হয়।
র্যাব-১২ ও জেলা পুলিশের একটি টিম অভিযানের সার্বিক সহযোগিতা প্রদান করেন।