বাজিতপুরে জমি নিয়ে বিরোধ, ৪৯ শতাংশ জমিতে মাটি কাটার অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ৪৯ শতাংশ জমি খনন করে মাটি কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকানা দাবিদার মাহমুদ মিয়া বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন ওই জমি থেকে মাটি কাটছেন।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার দিঘীরপাড় (ঘোষপাড়া) এলাকায় সরেজমিনে একটি ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার দৃশ্য দেখা গেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিটি নিয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতে ১৮০/২০২১ নম্বরের অন্য আপিল মামলা চলমান রয়েছে। এ অবস্থায় মাহমুদ মিয়ার দাবিকৃত জমির প্রায় ৪৯ শতাংশ খনন করে মাটি কাটা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মাহমুদ মিয়ার ছেলে হাজী আকবর বলেন, তাঁদের ১৫৬ শতাংশ জমির মধ্যে প্রায় ৪৯ শতাংশ খনন করা হয়েছে। তাঁর অভিযোগ, মামলার বিবাদী পক্ষের মৌখিক অনুমতি নিয়ে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই জমিতে মাটি কাটছেন। এ ঘটনায় তাঁরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি কাগজপত্র যাচাই করে দেখতে হবে। উভয় পক্ষকে ডেকে জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি বোঝার সুযোগ রয়েছে। তবে জমির মালিকানা নির্ধারণ মূলত আদালতের বিষয়।
তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি নিয়ে বিরোধের জেরে যাতে কোনো মারামারি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top