হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ শিফালী খাতুন (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই নৌকাঘাট এলাকায় অভিযান চালায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ। তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ দের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজাসহ শিফালী খাতুনকে আটক করা হয়।
আটক শিফালী খাতুন যশোরের শার্শা উপজেলার চট কাপোতা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




