জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার সকালে তাদের কথোপকথনের নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
এর আগে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের অডিও ফোনালাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। একই সময়ে জমায়েত ছত্রভঙ্গ করতে ‘হেলিকপ্টার ব্যবহারে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া’ এবং ‘আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর’ কথার অডিও ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে অডিওটি উপস্থাপন করে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে তামিম এ দুই অডিও ‘ফোনালাপের’ কথোপকথনের একটি অনুলিপি দেন সাংবাদিকদের।
নথিতে থাকা তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার এসব ফোনালাপ হয়। ১৯ জুলাই দুপুর ২টা ৫৪ মিনিটের ফোনালাপে শেখ হাসিনা ও হাছান মাহমুদের কথোপকথনে ‘পাল্টা আগুনের’ কথা উঠে আসে।
শেখ হাসিনা বলেন, ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি-গাড়ি আছে এখন সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কী করবে। এরপর তিনি বলেন, ‘এখন অন্য কিছু করে লাভ নাই, তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব।’
এই নির্দেশকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ‘টিট ফর ট্যাট’ বলে সমর্থন করেন এবং বলেন, গায়েবানা জানাজা পড়ে তারা ১০ মিনিটের মধ্যে মহল্লায় মহল্লায় চলে যাবেন। শেখ হাসিনা তখন সংশোধন করে বলেন, মহল্লায় নয়, যার যার এলাকায় যেতে হবে। একই সঙ্গে তিনি প্রতিটি সংসদ সদস্যকে ডেকে এলাকায় ‘প্রোটেকশনের’ ব্যবস্থা করার নির্দেশ দেন।
এ কথোপকথনের পর ফোনালাপে ওবায়দুল কাদের যুক্ত হন। শেখ হাসিনা তাকে সেতু ভবনে আগুন দেওয়ার কথা তুলে ধরে সেখানে র্যাব পাঠানোর কথা বলেন। তিনি বলেন, ‘আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কী কী আছে খুঁজে বের কর।’