বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে এক শোক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া এক রাজনৈতিক অস্থির সময়ে তাঁর দলের হাল ধরেছিলেন। এদেশে সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামে অনড় ভূমিকা রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সফল হয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ বর্ণাঢ্য জীবনে এদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও উন্নয়নে অবদান রেখেছেন এবং মানুষের ভালবাসা অর্জন করেছিলেন। বেগম জিয়াকে এদেশে মানুষ তার অবদানের জন্য স্মরণ করবে।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক প্রকাশ
আপোষহীন নেতৃত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শোকবার্তায় তিনি বলেন, আপোষহীন নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের কারণে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
কমরেড সৈয়দ আমিরুজ্জামান আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক নেতাকে হারালো, যা জাতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থেকে গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।