বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ-এর স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬’। আগামী ১২ এপ্রিল (রবিবার) শুরু হয়ে মেলাটি চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিতব্য এই বইমেলার উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
দেশে চলমান জ্বালানি সংকটের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।
আয়োজকরা জানান, বইমেলায় প্রতিদিন আলোচনা সভা, লেখক আড্ডা, আবৃত্তি, গ্রন্থ পর্যালোচনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
মতবিনিময় সভায় আয়োজক কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করে পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে গত বছর থেকে এই বইমেলার আয়োজন শুরু হয়। সাধারণত অমর একুশে বইমেলার সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারিতে আয়োজন করা হলেও, চলতি বছরে জাতীয় নির্বাচন ও পবিত্র মাহে রমজানের কারণে পহেলা বৈশাখকে ঘিরে মেলার সময় নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এ আয়োজন শিক্ষার্থী ও বইপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।