রংপুর-১ আসনের দায়িত্ব প্রাপ্ত এমপি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সদস্য ব্যারিষ্টার সাকিলা ফারজানা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে যে কার্যক্রম গ্রহণ করেছে, তা জনগণের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। মানুষের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি, লুটপাট ও অনিয়মের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন খাতে যে দুর্বলতা ও সংকট তৈরি হয়েছে, তার প্রভাব বিদ্যুৎ, গ্যাস, শিল্প-কারখানা, পোশাক খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পড়েছে। এসব সংকট কাটিয়ে একটি স্থিতিশীল অর্থনীতি দাঁড় করাতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, কর্মসংস্থান সৃষ্টি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে মাঠপর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শুধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার নয়, জনগণের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখাই হবে আমাদের মূল দায়িত্ব। মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। সোমবার বিকাল সাড়ে ৩ টায় গঙ্গাচড়া উপজেলা বিএনপি ও সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময় সভায় তিনি দলীয় নেতাকর্মীদের কথা শুনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, বিএনপি প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রামানিক লিজু, রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফুর রহমান সজীবসহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপজেলা ও সিটির ১-৯ নং ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার এর সভাপতিত্বে এমপি ব্যারিষ্টার ফারজানা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈদুল ইসলাম , উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় নিজ নিজ দপ্তরের সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, গঙ্গাচড়ার মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়াতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। কোনো মানুষ যেন হয়রানি বা অবহেলার শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। তিনি আরও বলেন, গঙ্গাচড়ার উন্নয়নে যে সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এছাড়াও তিনি অগ্রাধীকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভা শেষে এমপি ব্যারিস্টার সাকিলা ফারজানা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।