পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছ চাষ ও মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন সেরা মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।
প্রধান অতিথি ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, মাছ চাষ শুধু একটি পেশা নয়, এটি দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। সফল মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অন্যদেরও মাছ চাষে উৎসাহিত করবে।
পরে মাছ চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মীর জিয়া, মাওলাদ হোসেন ও শাকিল হোসেনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন ইউএনও মো. আসাদুজ্জামানসহ অতিথিরা।