বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।
কর্মসূচিতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হোসেন মিঠু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ফাত্তাউল ইসলাম ফাত্তাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাফুজুর রহমান সবুজ, বিএনপি নেতা হাসানুজ্জামান মৃধা, আশরাফ হোসেন, শেখ মাসুদ সহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের মানুষের ভোটাধিকার, বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।