গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গঁজারিয়া সাব-রেজিস্ট্রার অফিস গঁজারিয়া থেকে কালিরবাজারে স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘ফুলছড়ি সাব-রেজিস্ট্রার অফিস রক্ষা কমিটি’ ও এরেন্ডাবাড়ি, ফজলিপুর, ফুলছড়ি ও গঁজারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ১৯ আগস্ট বুধবার সকালে গঁজারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ফুলছড়ি সাব-রেজিস্ট্রার অফিস রক্ষা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান (বাবু) ও মোঃ সাদেকুল ইসলাম মনির।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাব-রেজিস্ট্রার অফিসটি গঁজারিয়া থেকে কালিরবাজারে স্থানান্তরের জন্য তৎপরতা চালাচ্ছেন। এতে গঁজারিয়া, এরেন্ডাবাড়ী, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নসহ চরাঞ্চলের হাজার হাজার মানুষ ভূমি ও আইনি সেবা গ্রহণে ভোগান্তির শিকার হবেন বলে দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, গঁজারিয়া চরাঞ্চলের মানুষের জন্য তুলনামূলকভাবে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগের কেন্দ্র। তাই অফিসটি অন্যত্র স্থানান্তর করা হলে সাধারণ মানুষের সময় ও অর্থের অপচয় বাড়বে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৬ জুলাইয়ের স্থানান্তর সংক্রান্ত আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) চলমান থাকা সত্ত্বেও অফিসের কাগজপত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় বক্তারা জানান, কথিত অবৈধ স্থানান্তর ঠেকাতে ইতোমধ্যে হাইকোর্টে রিট দায়েরের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে গঁজারিয়ার সাব-রেজিস্ট্রার অফিস ও প্রয়োজনীয় নথিপত্র রক্ষার ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলন থেকে সরকারের উচ্চপর্যায়ের প্রতি আহ্বান জানিয়ে গঁজারিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম বহাল রাখা এবং স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।