টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিখিল বণিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল করিম মিয়া।
অভিযানে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের নাম পরিবর্তন করে ‘ক্লিনিক এন্ড হাসপাতাল’ নাম ব্যবহার, নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অপরিচ্ছন্ন পরিবেশ ও ল্যাব কক্ষে এসি না থাকা এবং নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অন্য ঠিকানার লাইসেন্স ব্যবহারের অভিযোগে এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ম-নীতি মেনে চলা, বৈধ লাইসেন্স সংরক্ষণ এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।