ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির গোডাউনে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে নকল ও ভেজাল পণ্য মজুত এবং প্যাকেটজাত করার অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং গোডাউনটি সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউনে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানকালে সেখানে ‘চাষী’ চালের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া নকল ঘি ও মশার কয়েলসহ প্রায় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়।
অভিযানকালে ভেজাল ও নকল পণ্য বিক্রির দায়ে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘনের অভিযোগে ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, অসাধু ব্যবসায়ীরা নকল ভোগ্যপণ্য বাজারজাত করে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top