পুলিশের গাড়িতে আগুন লাগানোর স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে রোববার (১ নভেম্বর) মিরপুর ১১ মেট্রোরেলের নিচে আগুন লাগানোর এ ঘটনা ঘটে।
পরে সেদিন রাত ১১টার পর রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আটক পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজিবের বর্তমান ঠিকানা উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ি। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরের তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে।
পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস।
ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, শনিবার মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর-১০ নম্বরের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
পরে শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।



