‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রোববার (১ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। পরবর্তীতে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মতামত ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মজনুর রহমান খন্দকার মজনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা আমীর সাদেকুর রহমান এবং পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শান্তিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা তরুণ সমাজকে সুশিক্ষিত ও কর্মমুখী দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, দেশের তরুণ ও যুব সমাজই আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। যুব সমাজকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে পারলে এবং দেশ গঠনে তাদের সক্রিয়ভাবে কাজে লাগাতে পারলে একটি উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।




