উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে এবার শীত নেমেছে কিছুটা আগে ভাগেই, দিনের বেলায় মিষ্টি রোদ থাকলেও সন্ধ্যা ঘনাতেই জেঁকে বসছে কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডার আমেজ শুরু হতেই ব্যস্ততা বেড়েছে রুহিয়া বাজারের লেপ-তোশক তৈরির ধুনািবাড়ি কারিগর ও ব্যবসায়ীদের মাঝে। বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত দোকানের ভেতর চলছে তুলা ধুনাই, সুতা সেলাই ও কাপড় কাটার ধুম। রুহিয়া রামনাথ বাজারের লেপ ব্যবসায়ী মোঃ তাহিরুল ইসলাম জানান, শীতের আগমনী বার্তার সঙ্গেই অর্ডারের চাপ অনেক বেড়েছে। বর্তমানে তাঁর দোকানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি লেপ বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে বর্তমানে ৫ বাই ৫ হাত সাইজের একটি লেপ ২,০০০ থেকে ৩,০০০ টাকায়, তোশক ১,২০০ থেকে ২,০০০ টাকায়, বালিশ ২৫০ থেকে ৩০০ টাকায় এবং কোলবালিশ ৪০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানগুলোতে কথা হয় কারিগর মোঃ ফিরোজ ইসলাম ও মোঃ এনামুল হকের সঙ্গে। তাঁরা জানান, গতবারের তুলনায় এ বছর শীতের শুরুতেই চাহিদা বেশ ভালো। প্রতিটি লেপ তৈরি করে তাঁরা মজুরি বাবদ ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় করছেন। একই বাজারের কারিগর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শীত যত বাড়বে, কাজের চাপ ও অর্ডার ততই বাড়বে। তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে কোমর বেঁধে নেমেছি। এদিকে শীতের প্রস্তুতি নিতে বাজারে ক্রেতাদেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়ন থেকে লেপ কিনতে আসা মনোরঞ্জন রায় বলেন, এবার শীত একটু আগেই শুরু হওয়ায় লেপ কিনতে চলে এসেছি। ভালো মানের তুলা ব্যবহারের কারণে দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি প্রায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি লাগছে। তবে লেপগুলো বেশ মানসম্মত। লেপ কিনতে আসা আরো দুই ক্রেতা বিকাশ চন্দ্র রায় ও যোগেশ রায় বলেন, দিনের বেলা রোদ থাকলেও সন্ধ্যা নামতেই ঠান্ডা জেঁকে বসে। তাই ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আগেভাগেই লেপ কিনতে এলাম। তাছাড়া, আগের বছরের পুরোনো লেপটি নতুন তুলা দিয়ে মোটা করে সংস্কারও করিয়ে নিচ্ছি, এতে নতুন লেপ কেনার চেয়ে খরচ অনেক কম পড়ছে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রুহিয়া বাজারের লেপ-তোশক তৈরির দোকানগুলোতে ব্যবসা জমে ওঠায় বেশ সন্তুষ্ট স্থানীয় ব্যবসায়ী ও কারিগররা।
তারিখ:- ১২/১১/২০২৬ইং



