কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক আইসিটি শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ প্রদান করে।
অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করে, অভিযুক্ত শিক্ষক মোঃ হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস নেন না। ফলে নির্ধারিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং আইসিটি বিষয়ের ওপর শিক্ষার্থীদের প্রস্তুতি দুর্বল হয়ে পড়ছে।
এছাড়াও, তারা অভিযোগ করেন—শিক্ষকের আচরণ প্রায়ই অশোভন ও অসৌজন্যমূলক, যা শিক্ষার্থীদের মানসিকভাবে প্রভাবিত করছে এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে।
শিক্ষার্থীরা দ্রুত তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।