বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবারও দেখা মিলেছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। মঙ্গলবার আকাশ মেঘমুক্ত থাকায় দীর্ঘ অপেক্ষার পর দৃষ্টিগোচর হয় হিমালয়ের অপরূপ এই পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যের সোনালি আলো পড়ার মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের মুগ্ধ করেছে।
হিমালয়ের কোলঘেঁষা তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকেরা। ভোরের আলোয় দূরের পাহাড়ের অপরূপ রূপ এবং রাতের আঁধারে পাহাড়সংলগ্ন এলাকার আলোর ঝলকানি পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও অনেক পর্যটক এই সৌন্দর্য উপভোগ করতে তেঁতুলিয়ায় আসেন।
তেঁতুলিয়ার অন্যতম আকর্ষণ সীমান্তঘেঁষা মহানন্দা নদী। নদীর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত। নদীর স্বচ্ছ জলরাশি, পাথর এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে মহানন্দা নদীর তীরে হাঁটাচলার উপযোগী রাস্তা ও বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এসব সুবিধার মাধ্যমে পর্যটকেরা নদীর তীর থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন।
কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের পাশাপাশি তেঁতুলিয়ায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠছে বড়বিল্লা। মনোরম প্রাকৃতিক পরিবেশ, শান্ত জলরাশি ও রঙিন কায়াকিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা ভ্রমণপ্রেমীদের বাড়তি আনন্দ দিচ্ছে। নিরাপত্তার জন্য পর্যটকদের লাইফ জ্যাকেট ব্যবহারের ব্যবস্থাও রয়েছে। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো এবং নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য বড়বিল্লা হয়ে উঠছে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র।
এ ছাড়া তেঁতুলিয়ার সমতল ভূমিতে গড়ে ওঠা চা-বাগান পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এখানকার চা-শিল্প ও চা-বাগানের সবুজ সমারোহ এলাকার সৌন্দর্যকে করেছে আরও মনোমুগ্ধকর। কোথাও কোথাও পুদিনা, বাসক, তুলসী ও আদার মতো উপাদান দিয়ে তৈরি বিভিন্ন স্বাদের চা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে পরিচিতি পাচ্ছে।
পর্যটকদের থাকা-খাওয়ার সুবিধার জন্য তেঁতুলিয়ায় রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরাঁ। এসব প্রতিষ্ঠানে পর্যটকেরা খাবার গ্রহণের পাশাপাশি রাতযাপনের সুযোগ পাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।
প্রাকৃতিক সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য, মহানন্দা নদী, সমতলের চা-বাগান ও বড়বিল্লার কায়াকিং—সব মিলিয়ে তেঁতুলিয়া হয়ে উঠেছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। পর্যটন অবকাঠামোর আরও উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে এ অঞ্চলের পর্যটনশিল্প আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



