শিল্পকর্মে জুলাই অভ্যুত্থানের চেতনা কালজয়ী হয়ে থাকবে: সংস্কৃতিমন্ত্রী

চব্বিশের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সময়কে ধারণ করে শিল্পীদের আঁকা চিত্রকর্ম কালোত্তীর্ণ হয়ে প্রজন্মের পর প্রজন্ম দেশের শিল্প-সংস্কৃতিতে বহমান থাকবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চত্বরে ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, বাঙালি জাতি একটি সংগ্রামী জাতি। মহান মুক্তিযুদ্ধ, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে এ দেশের মানুষ আত্মত্যাগ করেছে এবং রক্ত দিয়েছে। অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এ জাতির দীর্ঘ ইতিহাস রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে শামিল হয়েছিল। তাদের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীসহ আন্দোলনে আত্মত্যাগকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি এই ইতিহাস সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top