মুহুরী প্রকল্প সংলগ্ন এলাকায় গভীর রাতে অভিযান, অবৈধ মাটি কাটার সময় হাতেনাতে আটক রিপন
ফেনীর সোনাগাজী উপজেলায় ফসলি জমির টপসয়েল অবৈধভাবে কেটে নেওয়ার অপরাধে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত রাতের অভিযানে সোনাগাজী উপজেলার মুহুরী প্রকল্প সংলগ্ন এলাকায় এ দণ্ড কার্যকর করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ রিপন (২৫)। তিনি সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা এবং পিতা সায়েদুল হক।
অভিযানের সময় রিপন অবৈধভাবে ফসলি জমির উর্বর টপসয়েল কেটে পরিবহনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় প্রশাসন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে মুহুরী প্রকল্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রিপনকে হাতেনাতে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসারের একটি টিম সঙ্গীয় ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইউসুফ মিয়া বলেন, “ফসলি জমির টপসয়েল কেটে নেওয়া কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ মাটি কাটার কারণে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হলে পরিবেশ ও কৃষিজমি রক্ষা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সোনাগাজী উপজেলায় সম্প্রতি অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয় বলে জানান সংশ্লিষ্টরা।