সোনাতলা উপজেলায় সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ নজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. মনিরা আরজুমান্দা বেগম, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ইশমে শারমা তাজনীন, নার্সিং সুপারভাইজার মোছা. শাহনাজ সুলতানা, সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মিনারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তারা অভিভাবকদের নির্ধারিত সময়ে তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ বলেন, হাম-রুবেলা নির্মূলে সরকারের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা এ লক্ষ্য অর্জন করতে পারবো। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ ক্যাম্পেইন চলমান থাকবে।