নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃষি খাতকে আধুনিক, টেকসই এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পার্টনার কংগ্রেস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় কৃষি উন্নয়নকে কেন্দ্র করে দৃঢ় ও বাস্তবমুখী বক্তব্য উঠে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা স্পষ্টভাবে জানান, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে কৃষিখাতকে আর অবহেলা করার সুযোগ নেই। প্রচলিত পদ্ধতির গণ্ডি ভেঙে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে দ্রুত রূপান্তর ঘটাতে হবে। কৃষকদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ সরবরাহ, সঠিক পরিচর্যা এবং বৈজ্ঞানিক পদ্ধতির চাষাবাদ ছাড়া উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়—এ কথা জোর দিয়ে তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, মাটির স্বাস্থ্য রক্ষা, সুষম সার প্রয়োগ এবং কীটনাশকের নিরাপদ ব্যবহার এখন সময়ের দাবি। এ বিষয়ে উদাসীনতা ভবিষ্যতে ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। কৃষিপণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে হলে মানসম্মত উৎপাদন, সংরক্ষণ এবং আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থার বিকল্প নেই।
সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে উল্লেখ করে বক্তারা বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে।
আলোচনা সভায় কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।