জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তঘেঁষা শ্রীমন্তপুর গ্রাম থেকে ভারতীয় মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত ব্যক্তি শাখাওয়াত হোসেন (৫০)। তিনি পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে শাখাওয়াত হোসেনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে জেলা পুলিশ নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।