কক্সবাজার এর টেকনাফ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫টি জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম মণ্ডলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টেকনাফ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লানপাড়া এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম নুরুল আলম প্রকাশ বদি। তিনি টেকনাফ উপজেলার লম্বরীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ইউনুছ এবং মাতা জাহেদা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল আলমের বিরুদ্ধে ২টি অপহরণ মামলা, ২টি মাদক মামলা এবং ১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানা পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।