ঝালকাঠির কাঠালিয়ায় “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, মাওলানা মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয় জরুরি। এতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।