পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ১৬টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১১টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। এছাড়া তিনটি মনোনয়নপত্র বাতিল এবং দুইটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ঋণখেলাপি থাকায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া পিরোজপুর-৩ আসনে সাতজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একমাত্র স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানের সরবরাহকৃত সমর্থক ভোটারদের তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি জামায়াত মনোনীত প্রার্থী মো. আ. জলিল শরীফ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবির মনোনয়নপত্রে কাগজপত্রের ঘাটতি থাকায় তা স্থগিত রাখা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
তবে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর এবং বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর,আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।