পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহকর্মী মো. মনির হোসেনকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা। তিনি লাল মিয়ার ছেলে এবং ঢাকা তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মের প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও প্রভাবের কারণেই তিনি উক্ত কৃষি ফার্মে চাকরি পেয়েছেন—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় আলোচিত ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে নিজ বাড়ি থেকে মনির হোসেনকে আটক করা হয়। পরে পূর্বে দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৫ জুন পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার বাসিন্দা মো. জুয়েল রানা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মোট ৭২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”