ঝালকাঠির কাঠালিয়ায় তীব্র শীত ও ঘন কুয়াশার রাতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে তিনি নিজ হাতে অসহায়, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
ইউএনও মো. মকবুল হোসেন রাস্তার পাশে অবস্থানরত ছিন্নমূল মানুষ, আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা এবং বসতবাড়িতে থাকা হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এমন আকস্মিক সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে ইউএনও বলেন, তীব্র শীতে যেন কেউ কষ্ট না পায়—এই চিন্তা থেকেই গভীর রাতে মানুষের খোঁজখবর নেওয়া হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এই কম্বল বিতরণ কার্যক্রম আরও চলমান থাকবে। ইউএনওর এই মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।