ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে
সোনাগাজীর বক্তারমুন্সী বাজার ও ডাকবাংলা এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বিক্রিত পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করার অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় অভিযুক্ত চার প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া।
অভিযানকালে তিনি বলেন, “ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় এবং বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে কেউ যদি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা কমবে।