চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা গোরস্থানপাড়া মাঠে আজিল শাহার
মাজারের পেছনে একটি ঘাসের জমি থেকে জাহিদ হোসেন (২৭) নামের এক যুবকের
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া
না গেলেও নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে ঘটনাস্থলে ডেকে নিয়ে
হত্যা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মাজার সংলগ্ন জনৈক
ইউনুস আলীর মালিকানাধীন ঘাসের জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে
খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত জাহিদ হোসেন জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা হাইস্কুলপাড়া
এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে
জাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে
স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে
গিয়ে লাশটি জাহিদের বলে শনাক্ত করেন।
নিহতের বড় ভাই এনামুল হক অভিযোগ করে বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জের
ধরে তার ভাইকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্বাস উদ্দিন
বলেন, প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত বিরোধের ঘটনা হতে পারে বলে ধারণা করা
হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী পুলিশ সুপার (জীবননগর–দামুড়হুদা সার্কেল)
আনোয়ারুল কবীর, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ এবং তদন্ত
কর্মকর্তা রিপন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন,মৃত্যুর কারণ ও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়না
তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।