কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা চলাকালে কয়েকটি কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে গেলে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রবেশে বাধা দেন। এ সময় সাংবাদিকদের জানানো হয়, ঊর্ধ্বতন প্রশাসনের নির্দেশে পরীক্ষা চলাকালে কোনো সাংবাদিককে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না।
তবে সাংবাদিকদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী যথাযথ অনুমতি সাপেক্ষে সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে পারেন। এ ধরনের বাধা স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী।
এ বিষয়ে কয়েকজন সাংবাদিক বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আমাদের প্রবেশে বাধা দেওয়া হলে প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা সম্ভব হয় না।”
এ ধরনের ঘটনা দেশের অন্যান্য স্থানেও ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, যেখানে স্থানীয় প্রশাসনের নির্দেশে সাংবাদিকদের কেন্দ্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় ।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত