কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্যাপারীর হাট এলাকার বাঁশের তল নামক এলাকায় প্রধান সড়কে রাত আনুমানিক ১১টায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার
জাহিদুল ইসলামের পুত্র নুরনবী,শামীমের মেয়ে সাদিয়া ও মাইক্রোবাস চালক লিমন।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, নিহত নুরনবী ও সাদিয়া সম্পকে চাচা ভাতিজি চিকিৎসাসেবা নিতে রংপুরে গিয়েছিলেন।
রংপুর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হোন।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আরও ১১ জন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নাগেশ্বরী উপজেলার ব্যাপারীহাট এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের রংপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের ১১ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের দাবী, ওই সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বারবার।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরো জানান এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ চলছে।