কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
পিরোজপুরের কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন।
তার এমফিল গবেষণাকর্মটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১৩২তম একাডেমিক কাউন্সিল এবং ২৭২তম সিন্ডিকেট সভায় অনুমোদন লাভ করে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. অলী উল্লাহর তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন।
তার গবেষণার বিষয় ছিল— “আদর্শ যুবসমাজ গঠনে রাসূলুল্লাহ (সা.)-এর ভূমিকা (Role of Rasulullah (SAW) in Building the Ideal Youth Society)”।
এ বিষয়ে মো. নাসরুল্লাহ বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে যুবসমাজকে নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করার উপায় নিয়ে আমি গবেষণা করেছি। গবেষণাটি সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “এই অর্জনের পেছনে আমার গবেষণা তত্ত্বাবধায়ক, শিক্ষকবৃন্দ, পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের অবদান রয়েছে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
মো. নাসরুল্লাহর এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনি ঝালকাঠির প্রখ্যাত অলিয়ে কামেল মরহুম কায়েদ সাহেব হুজুর (রহ.)-এর বড় জামাতা মাওলানা মুজ্জাম্মিলুল হক রাজাপুরীর নাতি এবং কাউখালী উপজেলার নাঙ্গুলী দরবারের পীর মাওলানা আব্দুল মতিনের জ্যেষ্ঠ পুত্র।