চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি স্বর্ণের পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এ ঘটনায় মো. রবিউল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৮-এর আশপাশে নজরদারি শুরু করে।
একপর্যায়ে মোটরসাইকেলে ওই এলাকা অতিক্রম করার সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের পিস উদ্ধার করা হয়। জব্দ হওয়া স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম।
অভিযানের সময় একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, উদ্ধার হওয়া স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যেই তিনি বহন করছিলেন।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দ করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।