বগুড়া সদর উপজেলার মহাস্থান এলাকার মথুরায় অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ পরিদর্শন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
শনিবার (১১ জুলাই) বিকেলে তারা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তারা কলেজের বিদ্যমান অবকাঠামো ঘুরে দেখেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সংকট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জানানো হয়, সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশার সুপারিশে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
এ ঘোষণায় শিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নতুন একাডেমিক ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু হলে শিক্ষার্থীরা আধুনিক, নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমের মান আরও বৃদ্ধি পাবে।
স্থানীয়রা মনে করছেন, নতুন ভবন নির্মাণ বাস্তবায়িত হলে এলাকার কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।